Friday, 3 February 2017

দু' এক পশলা

লাইনটানা কাগজ ছেড়ে সাদা কাগজে কীভাবে লিখব, শৈশবের এই গুরুগুরু ভাবনা মনে পড়ে মাঝেমাঝে। যেমন চিন্তা ছিল পেনসিল ছেড়ে পেন ধরব, যদি ভুল হয়ে যায়, মুছবো কী করে? পেন ছিল, রিফিলও! রিফিল ছোটো হলে ঝাঁটার কাঠি লাগিয়ে নিতাম। শীতকালে হাতের তালুতে রিফিল নিয়ে ঘষাঘষি বাম্পার। সু্ড়ুৎ করে টান দিতে হয়, জিভেও লেগে যায় কালি। কালি লিক করলে মাথায় মুছে নিই, কিংবা স্কুলের কালো প্যান্টে!

এক শীতের দুপুরে পেলাম অগ্নি জেল। এ যে আগমন নয়, আবির্ভাব। নতুন কথাও পেলাম একটা- ইউজ অ্যান্ড থ্রো। এমনিতে আমরা মুঠো মুঠো পেন ভরিয়ে রাখতাম ব্যাগে, যাদের বেশিরভাগের রিফিল নেই। ভারি পেন রাখতে হত টেবিলে খেলার জন্য। আর টিপটাপ পেন হলে কতবার যে লাফালাফি। যাইহোক সে পেনেরা এল, বাইরে থেকে বোঝা যায় কতটুকু আছে আর কতটুকু বাকি… কালি খতম, পেনও! নীল, লাল, কালো, এক সঙ্গে একাধিক রঙের পেন জমানা। জানলা দিয়ে ফেলে দেওয়া পেনের গায়ে ধুলো লাগে, কেউ কুড়িয়ে নেয় না রাস্তা থেকে। সবাই চিনে গেছে!

একটি পেন হারালে আতিপাতি খুঁজতাম। লেখার অংশ নয়, আত্মার অংশ ছিল তারা। ইউজ অ্যান্ড থ্রো পেনগুলির মিলিত আবছা ছবি মনে আসে। সময়ের মন, সম্পর্কের মন বুঝতে বুঝতে বিকেল নামে। যে ঘুড়ি কেটে যায় তারও বুঝি লাটাই আছে!

No comments:

Post a Comment