ভেঙে যাচ্ছি রোজ রোজ। হাড় থেকে মাংস খুলে আসা ভালো, মন থেকে বিশ্বাস চলে যাওয়ার চেয়ে। দাবি আদায়ের আন্দোলন ব্যক্তিগত পরিসরে এতটাই প্রবল যে অস্মিতা ধুলোখেলা করে। সাপেদের হিসহিস নিয়ে সম্পর্কেরা ফলিত জ্ঞান ঝাড়ে।
জানি প্রত্যাশারা বাজে। তবু এটি যে বাঁচিয়ে রাখে প্রাণ।
আনচান করে খালি। চায়ের দোকান থেকে ভাঙা কাপ মিশে যায় ট্রেনের চাকায়। চুরমুর মাটির
গল্পে আঙুল ছোঁয়া গল্পেরা ফরেন লিকার। নায়াগ্রায় ঘুরতে যায় বঙ্গলক্ষীরা। বেকার কবি
পাগলী তোমার সঙ্গে ভেবে পাঁচিল ভেঙে মরে যায়। বার্লিন নেমে আসে বারান্দায়।
ঘুম কিনতে গেলেও টাকা লাগে। দুঃখ ভোলার নেশা আরো ঋণী করে
তোলে। সমাজ কুকুরের ঘায়ের মত ত্যাজ্য করে ব্যর্থ মনোরথ। মানুষ এরপরও বাঁচে। পৃথিবী
ধংস হবে ভেবেও যেভাবে আমরা অমর হতে চাই, তেমনই ঠিক ভাবি কেউ বুঝবে। বুঝবেই। ভেঙে
যাওয়া আর ফুরিয়ে যাওয়া এক নয়!
