Sunday, 23 July 2017

একান্নবর্তী : জয় গোস্বামী

 

“আমার আগের সব কবিতার বই যেমন, এই বইও সেরকমই, আমার দিনলিপিই মাত্র। আমার মন কখন কোন অবস্থায় আছে তারই বৃত্তান্ত—আমার সারাজীবনের কবিতার মতোই- এই বইতেও বলা রইল। এই বইকে একদিক দিয়ে আমার পারিবারিক কাহিনীও বলা যায়। আমি যাদের সঙ্গে এক বাড়িতে থাকি তারা শুধু নয়- মাঠে ঝরে যাওয়া বৃষ্টি বা নদীতে বয়ে যাওয়া জলও আমার পরিবারেরই কেউ।’’-- জয় গোস্বামী বলেছেন ‘একান্নবর্তী’ বই-এর সূচনায়। জয়ের কবিতায়, ব্যক্তিগত গদ্যে যে ছোটবেলার ছবি পাই, এই বই সেই ছবিকে আরও স্পষ্ট করে তোলে। জীবন থেকে উঠে আসা চরিত্রেরা শিল্পের ভুবনে অন্য মাত্রা পেয়ে যায়। আমরা যে সময়ে বাস করছি, সে সময় মানুষে-মানুষে,  পরিবারে- পরিবারে ভাঙনের জয়গান গাইছে। ‘একান্নবর্তী’ নামকরণের মধ্যে যে যৌথতার ছবি পাই, মনে হতে থাকে পারিবারিক চালচিত্রের মধ্য দিয়ে এ এক প্রতিবাদ। কিংবা নতুন পথ। কবি পৃথিবী বদলাতে হয়তো পারেন না, কিন্তু দেখার চোখকেই বদলে দেন। নব নব বেদনার মধ্য দিয়ে কবির স্বর পাঠকের মনে সঙ্গোপনে থাকা মানুষদের জীবন্ত করে তোলে। ব্যক্তিগত জীবনের সূত্র ধরেই এবার তবে কবিতার কাছে আসি।

   আকাশে তাকাতে ভয় হয়—

   যদি ভেঙে পড়ে?

 

  ভয় করে মাটিতে দাঁড়াতে,

  ফেটে যায় যদি?

  

  তাই শূন্যে উঠে ভাসি

  আমার পায়ের নীচে মাটি নেই আটান্ন বছরে

 

   কাবেরী বুকুনকে নিয়ে তাই আমি উঠে যাই আজ

   এক ভাড়াবাড়ি ছেড়ে অন্য এক ভাড়া করা ঘরে... (ভাড়ার বাসিন্দা)

আমরাও ভাড়া বাড়িতে থাকতাম। আমার বাবাও আটান্ন বছর বয়সেও বাড়ি করতে পারেননি। বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বললে কোনোদিন রাগ করে, শুয়ে শুয়ে মা বলত-- বুকের ওপর সিলিং নেমে আসছে। যে ঘর মুছি তা আমার নয়, যে রান্নাঘর পরিষ্কার করি, তা আমার নয়। এই ঘরের আকাশ, মাটি, বাতাস সব ভাড়ার! পৃথিবীতে এত মানুষের ঘর আছে, আমাদের কেন নেই- ঠাকুরকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম। কিন্তু উত্তর পাইনি। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবার পথ খুব মসৃণ ছিল না। দেওয়ালের গায়ের ক্যালেন্ডার নিলেও সেই দাগ থেকে যেত। ঘরে যাপন থেকে যেতো স্পর্শ, মায়াসমেত। বিষণ্ণতার কবচকুণ্ডল দেওয়া যায় না কাউকে। আর যাব বললেই যাওয়া যায় নাকি? ভাদ্র মাসে কুকুর বেড়ালকেও মানুষ তাড়ায় না, আমরা তবু চলে গিয়েছিলাম। বাসিন্দার পরিচয় যখন ভাড়ার, অপর হয়ে ওঠে সে। আত্মপরিচয় নির্মাণের সে অভিঘাত ভুলিনি, ভুলতে পারিনি। এই কবিতার মধ্য দিয়ে যেন আমার বাবার কথাগুলিকে উঠে আসতে দেখি। আজ যে শরণার্থী, কাল সে বিশ্বনাগরিক-- ভাড়ার বাসিন্দারা কীভাবে একান্নবর্তী হয়ে ওঠে? অস্তিত্বের সংগ্রামে প্রতিদিন নতুন নতুন সম্পর্কে জড়ায়? জানে তারা নয় কেউ এই পরিবারের, তবু...ভালো কিছু রান্না হলে বাটি চলে যায় এক ঘর থেকে অন্য ঘরে। সুখ দুঃখের ভাগে আরও কিছু জুটে যায়। নিয়তি বদলে চলে নতুন ঠিকানা!

  হাওয়া হয়ে গিয়েছে জ্যাঠারা। চল্লিশ বছর আগে। আজ

  বর্ষাকালে ভারী মেঘ ফিরে এলে বৃষ্টির কণায়

  তারা উড়ে আসে। পুরনো বাড়ির মোটা গরাদের

  ফাঁক দিয়ে ঢোকে। পুনরায় বাস করতে চায়।

  নতুন বৃষ্টির ঝাপটা সবেগে এ-জানলা দিয়ে ঢুকে

  ওই জানলা দিয়ে ফের তাদের বার করে নিয়ে যায়...  (বসত)

চল্লিশ বছর আগে জ্যাঠাদের চলে যাওয়ার বার্তা দিয়ে এই কবিতার শুরু। তারপর পুরো কবিতাই গড়ে উঠেছে মেঘ, জলের কণা, হাওয়া দিয়ে। জলের ঝাপটা আসলে স্মৃতির। চেনা জানলায় মুখের আদল ধরা পড়ে কি? কবিতার নাম ‘বসত’। আমার ভেতর বাস করে ক’জন আমি জানি না। শক্তির কবিতায় মত আপন মনে থাকতে চেয়েই ভেসে ওঠে চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসিমুখেরা। আমাদের বসতভিটের কথা মনে পড়ে। সেই যেবার জোর বন্যা এসেছিল, সেবারেও বড়ঘর জলে ডোবেনি। ডোবেনি শিবঠাকুরের থান। বট গাছের নীচে ত্রিশূলের মাথায় যখন পাখি এসে বসতো, আমি ভাবতাম কী ভাবতাম, ত্রিশূল আর অস্ত্র নয়, গাছের ডাল হয়ে গেছে। এই সেই বাড়ি ঠাকুরদার পেনশন না পাওয়া অভাবের একচালা। ঠাকুরদার মৃত্যুর পর বাবার ঠোঙা বিক্রির জীবন, কেরানির চাকরি জুটিয়ে চোদ্দ জনের গ্রাস আচ্ছাদন। এই সেই বাড়ি দোল, দুর্গোৎসবের নয়, মঙ্গলচণ্ডী-সত্যনারায়ণের। অভাবের, তাড়নার, স্বপ্নের, যন্ত্রণার, বেঁচে থাকার। ঘরের থেকে আকাশ দেখা ফুটিফাটা চাল যখন সিমেন্টের ছাদ হল, তখনও পেয়ারাতলার সামনে পুরনো রান্নাঘর ছুঁয়ে রইল বসত ভিটের এক চিলতে স্মৃতি। লোহার শিকের জং-এ লেগে থাকা সময় মাঝেমধ্যে ঝরে পড়ে। এমন সময় ভিজে যায় ক্রমশ ছোট হতে থাকা উঠোন। মাটির বুকের থেকে গন্ধ আসে। সে গন্ধে মাটির মানুষেরা। হাওয়া হাওয়ায় যাপনের ইতিহাস কথা বলে। বৃষ্টি হয়। হতেই থাকে।  

(২)

  এখন দু’মাত্রা করে বেশি-কম রাখি। থাকুক না ছন্দে একটু ফাঁক।

  আজকাল দেখতে পাই ওই ফাঁক দিয়ে

  একটা গাছের ডাল বেরিয়ে এসেছে।...

   

  বাবা, একটা নিড়ানি হাতে, রাজেনকে নিয়ে

  কেবলই গাছের গোড়া খুঁচিয়ে যাচ্ছেন

  ধুতি-শার্ট মাটি মাখামাখি...

  এমন সকাল যাতে কখনও না ফুরোয় সেজন্য আমি

  সকালের পথে

  দুটো একটা ভুল ফেলে রাখি। (ভুল)

জয়ের লেখায় বারেবারে তাঁর বাবার কথা আসে। ‘নিজের রবীন্দ্রনাথ’ লেখায় রবীন্দ্রসৃষ্টির অনুষঙ্গে বাবার স্মৃতি এসেছিল--- ‘আমাদের ছোটো ওই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস।’ ‘আনন্দের উৎস’-তে মনোযোগ দিয়ে ফেলি। কেবলই মনে হয় কত সামান্য অপরূপ সকাল এমনিভাবে আমরাও তো হারিয়ে ফেলেছি। আমার বাবা রোজ সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন, আধশোয়া হয়ে ধরিয়ে নেন চারমিনার। আমি দেখি ধোঁয়া কেমন মশারির ভেতর ঘোঁট পাকায়। জুড়িয়ে আসে লিকার চা, মা এসে দেখে যায় বাবা ঘুম ভাঙার কোন সিঁড়িতে... আয়নার সামনে যখন মা এসে সিঁদুর ছোঁয়ায়, বাবা তড়াক করে উঠে পড়ে। সারা ঘর জুড়ে আলো থইথই। কীভাবে ভুল ফেলে রাখা যায়? যেভাবে অফিসের ঘড়ির কাঁটার তাগাদায় মা প্রতিদিন ভুলে যায় পাতে নুন দিতে, বাবা ভাত ভাঙতে ভাঙতে বলে খাবার পাতে নুন দিতে হয় জানো না, মা এক চিমটে নুন দিতে দিতেই বলে- হলো তো এবার! বাবা পঞ্চদেবতাকে ভাত দিয়ে জলের বেড়ি কাটছে, আর ঐ জলের গণ্ডি বাঁচিয়ে অন্ন নিয়ে যাচ্ছে পিঁপড়ের দল, অজানা এক অনিবার্য উদ্দেশ্যে। এই কবিতায় আছে এরকম একটি লাইন—‘দেখি, যেখানে এসেছি তার/ চারিদিকে কেবলই সকালবেলা ঘিরে আছে।’ আমাদের মাঝেমাঝে এরকম হয়, স্রোতের মধ্যে ভেসে যাচ্ছে কাল, আশ্চর্যময়ী এক অনন্ত সকাল!

দিদি, কাকিমা, কাকদাদু, আঁখিদিদিমা, গুজুপিসি, উমেশমামা- কবিতার নামগুলি থেকেই আঁচ করা যাচ্ছে এই বইটি এক অন্য জীবনচরিত। কবির পৃথিবী আত্মস্থ করে নেয় পাখির বাসা, পাড়া-পড়শি, রোদ বৃষ্টি থেকে বাড়ির গোপালকে। বাল্যকালের বাক্স থেকে ঝরতে থাকে শিউলি ফুল, বাবা বিশ্বকর্মা যেন স্বয়ং তাঁর লাটাই থেকে সুতো ছাড়ছেন, উড়ে যাচ্ছে নীল ঘুড়ি আর ‘ঘুড়ির পিছনে ছুটছে আকাশে কাশফুলের ঝাঁক’ (ঘুড়ি)। এই বই পাঠককে নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে। কত কত মানুষ এক জীবনে কাছে আসে, চলে যায়। শিল্প সেই হারিয়ে যাওয়া মানুষদের, পাখিদের, ঘুড়িদের-- স্মৃতিদের ফিরিয়ে দিতে সক্ষম। এই বই জয় গোস্বামীর কবিতাসমগ্রকে বুঝতে সহায়ক হয়ে উঠতে পারে।

কিছু লেখা ফুরোয় না। থেমে যেতে হয় কেবলমাত্র। শেষ করছি কবির ‘গোঁসাইবাগান’- এর এই কথাগুলি উদ্ধৃত করে-- “যে জীবন চোখের সামনে দিয়ে প্রতিদিন চলে যাচ্ছে, কিন্তু তুচ্ছ হাজার কাজের চাপে সেদিকে তাকাচ্ছি না, সেই জীবনকে, যত্ন করে কবিতার মধ্যে তুলে রাখছেন কবি। বলছেন, যদি অবসর পাও খুলে দেখ, তোমারই দেখা অভিজ্ঞতা, দেখতে পাবে আমার কাছে। তফাত এই যে, তুমি ভুলে গিয়েছিলে, আর আমি মনে রেখেছি।’’

                                 .............................

একান্নবর্তী

জয় গোস্বামী

সিগনেট প্রেস

প্রচ্ছদ- সুব্রত চৌধুরী

প্রথম সংস্করণ- নভেম্বর ২০১২