Friday, 3 February 2017

টেলিফোন

বুথ বলতে ভোট, আর টেলিফোন। আমাদের ল্যান্ডলাইন ছিল না। তুষার কাকুদের ছিল। তারাই আমাদের ডেকে দিত। ছুট ছুট। ডিমের কুসুম পাতে। হলদে হাতে কলতলা পেরিয়ে, আমবাগানের মুকুল গন্ধে সেই বাড়ি। রিসিভার ধরে থাকলে সেই ডাক আর দশ মিনিট পরে করবে সেই ডাক আলাদা করতে পারতাম। ফোন রিসিভ করা যায় কিন্তু....ফোন করতে বাধোবাধো ঠেকতো। চলার পথে এগরোলের মতোই গজিয়ে উঠলো মুস্কিল আসান টেলিফোন বুথ। ঘরের মধ্যে ঘর বলতে মশারি আর এই বুথ। রাত ন টার পর লম্বা লাইন। একজন তিনটের বেশি ফোন করতে পারবেন না একবারে এই সময়ে। বেশি লাইন হলে সময় বরাদ্দ হতো। কাচের বাক্সে মানুষটি। মিটার উঠছে। আমাদের শহরে ট্যাক্সি ছিল না। মিটার বলতে ইলেকট্রিকের আর ফোনের। আমাদের এস টি ডি, আই এস ডি- র পুরোটা মুখস্থ ছিল। প্রশ্নমঞ্চের প্রশ্ন থাকতো যে!
আমার এক বন্ধুর কথা মনে আছে, যার জন্য মালিক আলাদা একটা চেম্বারের ব্যবস্থা করেছিল। সারা দুপুর ওরা কথা বলতো। মোবাইল আসার আগেই মিসকল শুরু হয়ে গেছে। আমাদের কেউ কেউ কি বুথে ফোন রিসিভ করিনি? বুথমালিকের বিরক্তি গোফের ফাকে হাসি হয়ে গলে যায়নি কখনও?
সেই বুথটি এখন উঠে গেছে। খটাং খটাং ইন্ডিকমকেও টাটা দেখিয়েছি আমরা। বুকের মাঝে মোবাইল ফোন অনেক অপেক্ষা আর বিস্ময়কে বালিশের নিচে চাপা দিয়েছে। কাচের বাক্সগুলোয় ধুলোর পাহাড়। মাঝের লাল দাগটি অনেক রক্তক্ষরণের সাক্ষী।
ধুলোর বুকে নামের যোগচিহ্নে সেই বন্ধু আর বন্ধুনী এখন কেমন আছে কে জানে!

মনভোলা...

আমরা যাকে বলে কাঠবাঙাল। পুরো বাইশ ক্যারেট। মা সিলেট, বাবা রংপুর। রংপুরের রান্না নিয়ে অন্যদিন বলবো। আজ বরং গন্ধ বিধুর সমীরণে শুটকি মাছের কথা বলি।
অসহিষ্ণুতা নিয়ে যদি কথা ওঠে, এই মাছ বাদ যাবে কেন? পক্ষ আর বিপক্ষ বাদ দিয়ে এই বিষয়ে তৃতীয় পক্ষ খুঁজে পাওয়া খুব মুশকিল। এক দল শুটকির নাম শুনলেই একরাশ বিরক্তিতে মুখ ভেটকায়, অন্যদল ঠিক ততটাই আনন্দে পরবর্তী কর্মপন্থা স্থির করে।
মাসতুতো দাদার বিয়ে মিটলে বাড়ির একজন বললেন অনেকদিন মাছ মাংস খেয়ে অরুচি হয়েছে। দুপুর বেলা সেদিন চালকুমড়ো পাতায় মুড়ে শুটকি মাছ হলো। জিভ ফিরে এল স্বমহিমায়।
তেজপুরে মামাবাড়িতে খেয়েছিলাম সিদল শুটকি। বহু সাধনা করে তবে সে জিনিস জোটে। যে জানে সে জানে।
সন্তোষপুরের মেসে মালিক শুটকি রান্না করতে বারণ করতেন। আমরা ওভেনের পাশে একটা মোম জ্বেলে রাখতাম। সেভাবে গন্ধ উপস্থিতি জানান দিতো না।
সাদা ভাত, মুসুর ডাল আর পাতের কোণে লোটে মাছের চাটনি। হলদে বালবের আলো মেখে মাটিতে বাবু হয়ে বসে একদল মেসশাবক খেয়ে চলেছে একমনে.... প্রতি রবিবারে মাংস না খাওয়ার দু:খ তাদের ছিল না। কেবল তারা ভাবতো এরপর দিন আলু কম দিয়ে মাছ টা বেশি দিতে হবে।

স্মৃতি যেন জোনাকি

হাগু আর হিসু কবে থেকে টয়লেট হলো, সে এক গবেষণার বিষয়। ছোটবেলায় আমাদের কিছু পেলে আঙুল দেখিয়েই বোঝাতাম। আর এই অছিলায় ক্লাস ফাঁকি দেয়নি, এমন কেউ হয়তো নেই। স্কুল থেকে বহুমূত্র আমাদের সঙ্গী হয়ে গেলো।
প্যান্টে হাগু হয়ে গেছে, সারা করিডর জুড়ে মাছি ভ্যানভ্যানাচ্ছে, এমন সত্যি দেখাকে গল্পে আনবো না। বরং মনে করিয়ে দি, আমাদের শোবার ঘরের মিনিমাম একশো মিটার দূরে বড় বাথরুমের কথা। যেখানে যাওয়াটা ছিল অভিযান বিশেষ। বর্ষাকালে পেট মোচড় দিয়েছে, এদিকে কারেন্ট নেই, কলাগাছের পাতা এমনভাবে রয়েছে যে.... আমাদের ভুতেরা রান্নাঘর থেকে মাছ খেতো যেমন, আবার বাশঝাড়ের ভেতর ঘাড় ও মটকাতো। ঐসব সেরে হাত পা ঠিক মতো না ধুলে কী কী অনিবার্য আমরা জানতাম।
যেমন জানতাম কোথাকার জল কোথায় মেশে। খাটা পায়খানার সিঁড়ি হতো কাঠের তক্তা কিংবা সুপুরি গাছ কেটে। তিনধাপ উঠে তারপর বসে সহজেই দেখতে পাওয়া যেতো.... এটুকুতেই থেমে যাই।
ইদানীং হাচি দিয়েও সরি বলে অনেকেই। তাদের আর বলি না নস্যি নেওয়া দেখেছে কিনা। ঔচিত্যবোধ যে কালে কালে বদলায়, সে তো জানা। কেবল ভাবি এক ছাদের নিচে বসার ঘর, শোবার ঘর, রান্না ঘর, ঠাকুর ঘর ইত্যাদিকে কীভাবে ঢুকিয়ে দিয়েছে সময়। সবার আলাদা আলাদা আত্মপরিচয় খন্ডিত। ঠাকুমার ঘর, বাবার ঘর নামগুলো আর নেই।
এই সব দেখে আমার এক দিদা খুব খেপে যেতেন। তারপর হয়তো বলতেন - বাংগির খুপড়ি বানাইছে সব, এক ঘরে ফুস করলে অন্যঘরে ঘন্টা বাজবো।
পুনশ্চ - জোনাকিরা আর কোনোদিন অতিথিকে বাড়ির জানান দেবে না।

স্মৃতি লেখা

আমরা তাকে ব্যোমপুলিশ বলতাম, ঠিক সাড়ে তিনটের সময় আইসক্রিমের গাড়ি নিয়ে সে হাজির হতো। কাঁচাপাকা দাড়ি। পাগলাটে। বিড়বিড় করতো কী যেন। ভাঙা আইসক্রিম এক টাকায় তিনটে। ভাগাভাগি করে জিভ লাল আমাদের। আরেক জন জেঠু ছিলেন, হোমিওপ্যাথির গুলি দিতেন। আমরা উন্মুখ হয়ে হাত পাততাম। বাবুল নিতাই কুলপি মালাই রাস্তা দিয়ে গেলে আমাদের সে কী দৌড়। বরফ শেষ। কাঠির থেকে রোয়া উঠে আসছে, আমরা মাইকের কথাগুলো বলতে বলতে পাড়ার সীমানায়। আমাদের খেলাগুলো যখন তখন স্টপ, যখন তখন স্টার্ট। ফিল্ডিং দিয়ে ব্যাটিং না পাওয়ার দু:খের চেয়ে বড়ো কিছু নেই। বল হারিয়ে গেলে নি:স্ব মনে হতো। খুঁজে পেলে হোক কলরব।
স্কুলের ব্যাগে বন্ধুরা আরেক সেট জামা রাখতো কেউ কেউ। পুকুরে সাঁতার কেটে, কিংবা সিনেমা দেখে বাড়ি। আমাদের নাইন টেন একটি পরোটায় তিনবার ফ্রি তরকারিতেই খুশি ছিল। চোঙা প্যান্ট আর ম্যায় হু না ব্যাগের সে সব দিন। সাইকেল সাইকেল। বাড়ি বাড়ি ক্রিং ক্রিং। মোবাইল আসেনি। বন্ধু খুঁজতে যার বাড়ি যাওয়া সেও বন্ধু হয়ে যেতো।
ফুচকাওয়ালার হাতের বুড়ো আঙুলের চিন্তা আমাদের ছিল না। আচার খেতে খেতে অনায়াসেই কাগজের একটা স্তর উঠে যেতো জিভে। স্বাদের ভাগ হয় এটাই জানতাম। স্কুলের দরজার পাল্লায় কাচামিঠে আম রেখে ভাগ বাঁটোয়ারার সেই সব দিন মনে পড়ে।
কমলা লেবুর খোসা হাতে আবার স্কুল করিডরে ফিরতে ইচ্ছে করে। সত্যি চোখের জলেও কত আনন্দ মিশে থাকে!

প্রাক্তন

আমাদের গলিরাস্তা, ছোট মাঠ, ভাঙা পাঁচিল, নয়ানজুলি, কচুবন আর কলমি গাছের ভেতর বল হারিয়ে যেত। খেলার বল। বালিশের পাশে নতুন বল নিয়ে ঘুমোতাম। রবার ডিউস বলের থেকে লাল রং উঠতো। বল যত পুরনো হবে তত যেন মায়া ফুটে বেরোবে। এক একদিন বল খুঁজতে গিয়ে পেয়ে যেতাম অন্য কোনও বল। যা হারিয়ে গিয়েছিল তা মেনে নিয়েছি। হঠাৎ একদিন ফিরে পেলে কেমন একটা হয়। সেটা দিয়ে তখনই খেলা যায় না, আবার ফেলে দেব সেটার সাধ্য নেই। সন্ধে বেলায় ফিরে পাওয়া বলটিকে আলাদা করে খাটের পায়ার নিচে ইটের আড়ালে রেখে দিতাম। ভালো লাগতো হঠাৎ- দেখায়। কষ্ট হতো হঠাৎ পাওয়ায়। সেদিন বলটি হারিয়ে গিয়েছিল বলে আমি সারা বিকেল ফিল্ডিং করেও ব্যাটিং পাইনি।

আমি কেবল ভাবি বল তাও হারিয়ে যেতে পারতো, কিন্তু ব্যাট? ব্যাটের বুকের ক্ষত ঢেকে আমরা লটারি করতাম। মাটির ওপর সেই দাগগুলো থেকে যায়। আবার সেই দাগের পাশে অন্য দাগ। লটারি, খেলা। বেলাশেষে বৃষ্টি না নামা অব্দি সে দাগগুলো থাকতো। আমরা ভাবতাম আবার হয়তো কোনও পুরনো পিং পং বল ভেসে উঠবে। আবার... আবার...
নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণায় হৃদয়ে কাটা দাগের কথা বলা হয়নি। আয়নার গায়ে লেগে থাকা টিপগুলো তারা... কান্না পাহারা দেয় সম্পর্কের সর্বনাম।
দুঃখেরা কেবল নিজেকে ভালবাসে। মানুষ দুঃখ ভালবাসে।

ডাকনাম


বড়মামা আমার ডাকনাম দিয়েছিলেন ডোডো। শান্ত, নিরীহ ডোডোপাখির কথা আপনারা জানেন। আগে ছিল তারা, এখন আর নেই। ডোডো থেকে কালে কালে আমার নাম হয়ে গেল ডুডু। প্রাইমারি স্কুলে ডুডুমার জলপ্রপাত বলে একটা লেখা পড়তে হতো। আমাকে খ্যাপাত সবাই। খুব একটা খারাপ লাগতো না। বরং...
ভালোনাম মুখস্থ করি, ডাকনাম মনে থেকে যায়। নিজেকে মানুষ কী নামে ডাকে? ডাকনামের শৈশব বাবু হয়ে বসে হা-ডুডু খেলে। সঙ্গীরা কাঁচপোকা চিনতে শেখায়। পকেটে রাখা কাগজে ডাকনামের এগারো। অক্ষর সংখ্যা বাইশ পেরোয় না সাকুল্যে। সাদা বাদবাকি অংশ জুড়ে রান জমতে থাকে। ম্যান অফ দ্য ম্যাচ ডাকনামের!
বয়স বাড়ছে। ডাকনামে ডাকার সম্ভাবনা কমে যাচ্ছে। জন্মদিনে উপহার পাওয়া বইয়ের প্রথম পাতা আর হাতে তৈরি করা নববর্ষের কার্ড মনে পড়ে। নামের সূত্রে আসলে জীবন মনে পড়ে। যে জীবন আদরের, বিস্ময়ের, মৌখিক পরীক্ষা দিতে দিতে জানলা দিয়ে রেলগাড়ি দেখার...
যা হারিয়ে যায় তাকে আগলে বসে থাকব কতদিন?
মানুষের মুখে মুখে বেঁচে থাকে যে তার হারানো মুখের কথা নাকি...
দিগন্তের দিকে যে পাখি উড়ে যায় আমি তাকে ডাকনামে ডাকি!

রোদেলা

ভাদ্র মাসে জামাকাপড় রোদে দিতে হয়। কারণটা সহজ সবে সবে বর্ষা গেল কিনা। এইবার এক রবিবারে ঘুম ভাঙতে না ভাঙতেই আন্দোলন শুরু। মশারি বের হল। বালিশ, তোশক একে বাড়ির বাইরে মাঠে ঘুরতে যাচ্ছে। কাপড় টাঙাবার জন্য বাশ বাধা আছে। গোল পোস্টের মত। চৌকির ওপর থেকে বেরোয় চালের বস্তা, শীতল পাটি। দু একটি আরশোলা এদিক ওদিক পালিয়ে যায়। আমার এক বন্ধুর চুল আরশোলা বরবাদ করে দিয়েছে। মা বলে হা করে দেখছিস কী আলমারির কাপড়গুলো দিয়ে আয় রোদে।
শুধু কাজটুকু হবে, আর সে সূত্রে কোনো কথা হবে না, সে হয়? মা একেকটা জিনিস বের করতো। আর বলতো, জানিস এটা অমুকে দিয়েছে। এটা তুই যখন খুব ছোটো... বাবা চারমিনারে একটা টান মেরে যোগ দিয়ে বলছে- এটা সেইবার পুজোর বোনাস পেয়ে কিনেছিলাম না, আবার হ্যা এটা আমাকে অমুকে বানিয়ে দিয়েছে। হাট করা আলমারি থেকে লাফিয়ে পড়ছে সময়, মা আর বাবা ধারাবিবরণী দিচ্ছে।
লেপ, তোশক থেকে ধুলো ঝাড়তে হয়। রোদে ধুলো মিশতে থাকে। মা বলে মুখ চাপা দে। আমাকে সরিয়ে দেয়। ঘরে ফিরি। অগোছালো ঘরের জিনিসেরা কাছে ডাকে।
মা কিছুই ফেলতে পারে না হাতে ধরে। শাড়ি, কাপড় নিয়ে বাসন দেয় যারা তারা এলে মা বড্ড দ্বিধাতুর হয়। পরনের কাপড় এভাবে দেওয়া যায়! কেউ কোনো উপহার দিলে তা রেখে দিতে হয়।
শেষ দুপুরে আস্তে আস্তে আবার ঘরে ফেরে ঘরছাড়ারা। মা বলতে থাকে দ্যাখ এটার কথা ভুলেই গিয়েছিলাম। বাবা বলে এবার বালিশটা ঠিক আছে। মা ট্রাংকের ভেতর বিয়ের শাড়ির গন্ধ নিতে নিতে আশ্বস্ত হয়। বলে দ্যাখ এই যে কড়িগুলো।
মেসে সেদিন মাসি বলছিল জামাকাপড় ছাদে দিতে। ইচ্ছে করছিল না। রোদ মাখা সম্পর্কদের পুজোয় কোথায় ঘুরতে নিয়ে যাব সেটা আগে ভেবে নিই!