Thursday, 24 October 2024

যাপনচিত্র

 



মাঠের ঢাল বেয়ে বল চলে যেত পুকুরের কাছে, বসন্তের দুপুর গড়ানো বিকেল পেলব হতে দেখি ট্রেনের জানলা থেকে। কোথাও কোনো বিরক্তি নেই । সাদা কালো ইউনিফর্মে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে ছেলেরা। এই রঙ আমার স্কুল। ওড়না সামলে গাছের আড়ালে হেটে হেটে যাচ্ছে যে মেয়েটি, তার বাড়ি জানা হবে না কোনোদিন। আমরা জানলার পাশে বসে চলে যাওয়া দেখি।

কচুরিপানার ওপর কনে দেখা আলো। গোল পোস্টের ভেতর সূর্য ঢুকে যাচ্ছে বুঝি। পলাশ দেখলে আমার আগুন খিদের কথা মনে পড়ে। একের পর এক স্টেশন যায়, আমি ভাবি কখন পৌঁছুব, ভাবতে ভাবতে দেখি ট্রেন বাঁক নিচ্ছে, সে বাঁক আর শেষ হচ্ছে না...

নদীর ওপর ট্রেন গেলে ঝাঁপ দিতে ইচ্ছে করে। হাওয়া আসে। ইচ্ছেরা সম্বল খোঁজে। পায় কিংবা পায় না। বসন্তের বিকেল কেটে যায় ফেরার ট্রেনে, কিন্তু ফেরা হয়ে ওঠে না। কেবল আমার কামরায় রোজ এক অন্ধ গায়ক গাইতে থাকেন-- পথ হারাব বলেই এবার পথে নেমেছি!

No comments:

Post a Comment